রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ী গ্রামে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
মৃত সাজেদুল ইসলাম (১৪) ওই গ্রামের ওহেদুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে সাজেদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে লাশ সাজেদুলের বলে শনাক্ত করা হয়।
সাজেদুলের বাবা ওহেদুল হক বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। অনেক চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি।’
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সাজেদুল মৃগী রোগে ভুগছিল বলে আমরা জানতে পেরেছি।’
বদরগঞ্জ থানার এসআই দিনেশ চন্দ্র জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরটি মৃগী রোগে আক্রান্ত ছিল। সে দিনাজপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

