ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৫ আসনের দুর্গম চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে চরাঞ্চলে বাস্তবভিত্তিক মহড়া পরিচালনা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলছড়ি ও সাঘাটার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলো যোগাযোগব্যবস্থা দুর্বল, বিচ্ছিন্নতা বেশি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন—এ কারণে এসব এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে ভোটের দিন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিক হস্তক্ষেপ নিশ্চিত করতেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত এ মহড়ায় দুর্গম কেন্দ্রে সেনা মোতায়েন, হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার ও রসদ পৌঁছানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি অবনতি হলে দ্রুত প্রতিক্রিয়ার কৌশল অনুশীলন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রয়োজনে নৌপথ ও আকাশপথ ব্যবহার করে দ্রুত জনবল ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
তারা আরো জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার সুরক্ষায় সেনাবাহিনীর এ প্রস্তুতিমূলক কার্যক্রম নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

