করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

কুড়িগ্রামের রৌমারীতে অন্যের জমি থেকে করলা চুরির অভিযোগ ওঠায় স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ছালেহা বেগম একই ইউনিয়নের ছোট ধনতোলা এলাকার বদিয়া মিয়ার স্ত্রী। তাদের দুজনের নামেই মাদকের একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করে ছালেহা বেগম। এসময় করলাসহ জমির মালিক ও এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি ছালেহার পরিবারকে জানালে তার স্বামী বদিয়া মিয়া সকাল ৯টার দিকে এসে তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটান।

জমির মালিক ফরহাদ হোসেন বলেন, জমি থেকে প্রায়ই করলা চুরি হয়। ক্ষেতে গোপন পাহারা বসিয়ে ছালেহা নামের নারীকে এক বস্তা করলাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি তার স্বামীকে জানালে তিনি এসে গাছে বেঁধে তাকে পিটিয়েছেন।

এ ঘটনায় দাঁতভাঙ্গা ইউপি সদস্য আবুল হোসেন বলেন, হাতেনাতে করলাসহ এক নারীকে আটক করে জমির মালিক। পরে ওই নারীর স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে গেছেন।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ঘটনার পুরো বিষয় আমার জানা নেই। তবে খোঁজখবর নেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন