বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. ইসমাইল হক (৬৫)-এর লাশ ১৯ দিন পর ভারত থেকে ফেরত এসেছে। দীর্ঘ অপেক্ষার পর লাশ ফিরে আসায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে ইসমাইল হক কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা অভিযান চালালেও কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞাপন

পরে গত ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাটে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা লাশটি ইসমাইল হকের বলে শনাক্ত করেন।

এরপর বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কাগজপত্রসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে লাশটি মঙ্গলবার বালুরঘাট হয়ে বুধবার হাকিমপুর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়। লাশ গ্রহণের পর বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃতের বড় ছেলে হায়দার আলী জানান, দীর্ঘ ১৯ দিনের অপেক্ষার পর লাশ ফিরে আসায় পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে এবং এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও দূতাবাসকে ধন্যবাদ জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...