রংপুরে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, রংপুর প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তবে সময়ের ব্যবধানে সেই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। জনগণের দেওয়া রায় অগ্রাহ্য করা হলে এর রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
তারা আরও বলেন, জ্বালানি তেলের সংকট ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী জনগোষ্ঠী চরম ভোগান্তিতে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় জনগণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমীর আজম খান এবং জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

