ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার তাদের উদ্ধার করা হলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। ঘটনাটি ঘিরে সম্ভাব্য মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন—চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, বুধবার সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। খবর পাওয়ার পর স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত থেকেই পুলিশ শিক্ষার্থীদের সন্ধানে ব্যাপক অভিযান পরিচালনা করে। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে ঢাকায় যায়। এরপর তাদের সিলেটে নিয়ে যাওয়া হয়। পুলিশের ধারণা, একটি মানবপাচার চক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলশিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি সম্ভাব্য মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

