আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আ.লীগ নেতার বিরুদ্ধে ৬শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

আ.লীগ নেতার বিরুদ্ধে ৬শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল, গাছ কাটা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের পক্ষে মমিনুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তফসিল বর্ণিত সিএস খতিয়ান নং-৪০৬, এস এ খতিয়ান নং-৪৯০, ৪৯১, যার দাগ নং-৩৫৭৬, ৫০৩, ৩৫৭৮, ৫০২, জমির পরিমাণ- ৬ একর ৭১ শতাংশ সম্পত্তি আমিসহ ওয়ারিশগণ ২ একর ৪০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছি। কিন্তু ভুলবসত বিএস রেকর্ডে আমাদের প্রতিপক্ষ দবির উদ্দিন গংদের নামে ২ একর ৪০ শতাংশ জমি রেকর্ড হয়। আমরা বিষয়টি জানতে পেরে নীলফামারী ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে রেকর্ড সংশোধন ও একটি বাটোয়ারা মামলা করেছি। কিন্তু প্রতিপক্ষ উল্লেখিত জমি সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ নীলফামারীকে এক তরফা কাগজপত্র দেখিয়ে জমি জবর দখল করার নির্দেশ নিয়েছে বলে তারা প্রচার করে গত ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা শরিফুল ও দবির উদ্দিন গং দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জমি জোরপূর্বক দখল করেন। এসময় আমাদের জমিতে লাগানো ৬০ টি ইউক্লিপটাস ও ৬০০ টি কলার গাছ প্রতিপক্ষরা কর্তন করে তছনছ করেছে। প্রতিপক্ষরা গাছ কর্তনসহ আলু, ভুট্টা, মরচি, পেয়াঁজ ক্ষেতের ফসল ও শীমের মাচাং নষ্ট করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন। তাদের তান্ডবের প্রতিবাদ করতে গেলে নারীসহ পরিবারের সদস্যদের মারধর নগদ ৬৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন কেড়ে নিয়েছে। এতে ৯ জন গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মলেনে আরও অভিযোগ করেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী প্রভাবশালী নেতা। তারা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের জমি তাদের দাবী করে দখলে নিয়েছে। প্রতিপক্ষ দবির উদ্দিন কেশবা ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য, শরিফুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে আমাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা এর আগেও করেছেন। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত দবির উদ্দিন জানান, পৈত্রিক সূত্রে জমিগুলো আমাদের। কিন্তু তারা ২ বছর আগে জোরপূর্বক দখল করে বসত, গাছ, বাগান করেছে। আমরা এসিল্যান্ডকে কাগজপত্র দেখাতে পারলেও তারা কোন কাগজ দেখাতে পারেনি। আমরা আমাদের জমি উদ্ধার করেছি। আমাকে আওয়ামী লীগের কমিটিতে জোরপূর্বক নাম দিয়েছে। তারাও আওয়ামী লীগ করেন। বিরোধকৃত জমি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন