শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন এক হার্টওয়ার্ড ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ প্রধান বাজারে।
স্থানীয়রা বলছে, শয়তানের নিশ্বাস এখন কিশোরগঞ্জে। দিনে দুপুরে এ রকম ঘটনা ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্যবসায়ীরা।
টাকা খোয়ানো ব্যবসায়ী মোরছালিন জানান, আমার দোকানে মাস্ক পড়ে একজন ক্রেতা এসে একটি ব্রাশ ক্রয় করে। পরবর্তীতে একটি হাজার টাকার নোট খুচরা করে চায় এবং নোটটি আমার মুখের কাছে আনে। পরবর্তীতে বার বার ক্যাশে হাত দিলেও আমার কোন অনুভূতি ছিল না। আমার মস্তিষ্ক অচেতন করে ক্যাশ থেকে টাকা বের করে নিয়ে দ্রুত ওই প্রতারক সটকে পড়ে। পরে রাতে ক্যাশে ১৯ হাজার টাকা কম পাই। পরে সিসিটিভি ক্যামেরা দেখে বিষয়টি নিশ্চিত হই।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বলেন, শয়তানের নিশ্বাস এখন কিশোরগঞ্জে।
ব্যবসায়ীরা জানান, দিনে দুপুরে মস্তিষ্ক অচেতন করে প্রকাশ্যে টাকা নিয়ে যাওয়ায় আমরা চিন্তিত। আমাদের সাথেও এ রকম হতে পারে। তাই সকলকে সচেতন থাকতে হবে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, এ রকম কোন ঘটনার অভিযোগ পাইনি। তবে ইদানীং অজ্ঞান পার্টির বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

