রংপুরে ডাম্পট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রংপুরে ডাম্পট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৮ জন আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ভোর ৫টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন ও তার বোন গোলাপী এবং বাসের হেলপার আপেল।

রংপুরের বড় দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি বাস দ্রুতগতিতে এসে ডাম্পট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর যৌথ সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, ডাম্পট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে তিনজনসহ মোট চারজন মারা গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার আব্দুল জলিল আমার দেশকে বলেন, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকায় বাস-ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাদের লাশ মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন