আদিতমারীতে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে মাছ ব্যবসায়ী

আদিতমারীতে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে মাছ ব্যবসায়ী

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে রিদু মিয়া নামের এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার ম্যালম্যালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী রিদু মিয়া বর্তমানে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগে উপজেলার মহিষাশহর গ্রামের মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলীর নাম উল্লেখ করা হয়েছে।

রিদু মিয়ার দাবি, গত রোববার রাতে নামুড়ি বাজারে মাছ বিক্রি শেষে অর্জিত অর্থ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ম্যালম্যালি বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তাকে অহেতুক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে সজোরে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তার কাছে থাকা মাছ বিক্রির ৪৬,৭৬০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

তবে অন্যদিকে অভিযুক্তদের মধ্যে মিজানুর রহমান ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তাদের মধ্যে কেবল কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল এবং সে সময় মাটিতে পড়ে গিয়ে রিদু মিয়ার মাথা ফেটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন