দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শত্রুতার জেরে একটি আমবাগানের ২৯৬টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর গ্রামের মাজেদুর রহমানের মালিকানাধীন একটি আমবাগানের ২৯৬টি আমগাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলে। সকালে বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় প্রশাসনকে অবহিত করে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “নন্দনপুর গ্রামের মাজেদুর রহমানের একটি আমবাগানের ২৯৬টি আমগাছ কেটে ফেলা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতাবশত এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

