আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনার বিহীন স্কুলটিতে পতাকা স্ট্যান্ডই ভরসা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

শহীদ মিনার বিহীন স্কুলটিতে পতাকা স্ট্যান্ডই ভরসা
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরচালী উচ্চ বিদ্যালয়

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরচালী উচ্চ বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শিক্ষার্থীরা পতাকা স্ট্যান্ডে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে।

গত শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত পতাকা স্ট্যান্ডেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনার না থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে এভাবেই প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. মোনওয়ারুল ইসলাম সাবু জানান, ২০২০ সালে বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে যায়। পরবর্তীতে নতুন করে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিদ্যালয়ের তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ধরে রাখতে আমরা নিয়মিত কর্মসূচি পালন করছি। তবে একটি স্থায়ী শহীদ মিনার থাকলে দিবসগুলোর মর্যাদা আরও বৃদ্ধি পেত।”

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন এবং বিষয়টি জেনেছেন। তিনি জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত বিদ্যালয়ে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন