জাহেলিয়াতের যুগে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে যেভাবে নির্যাতন ও মারধর করা হতো, ঠিক সেই কায়দায় আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় আহত এনসিপির নেতাকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় আহতদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় আহত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এনসিপির এই নেতা।
সংসদ সদস্য বলেন, প্রশাসন অনেক ক্ষেত্রেই নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও অভিযোগের পরও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
ফুলবাড়িতে এনসিপির নেতার উপরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশক্তির সাধারণ সম্পাদক শাওন শান্তিপূর্ণ মিছিল শেষে যাওয়ার পথে শাওনের উপর হামলা চালায়। জাহেলিয়াতের যুগে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে যেভাবে নির্যাতন ও মারধর করা হতো, ঠিক সেই কায়দায় আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে এবং মাথায়ও গুরুতর আঘাত পেয়েছে। শান্তিপূর্ণ রাজনৈতি বাংলাদেশে প্রচার করা হোক। গণতান্ত্রিক পন্থায় আসা উচিত। আমরা আজাদী। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

