তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী (৫৫) নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুরের খুনিয়ার দোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই ওই নারী তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি কারো সঙ্গে কথা বলতেন না, নিজের মনে কথা বলতেন। স্থানীয়রা খাবার দিলে খেতেন।

ঘনিরামপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, “ওই নারীকে কয়েক দিন ধরে আমাদের এলাকায় ঘুরতে দেখছি। তিনি কাউকে কিছু বলতেন না, মানসিকভাবে অসুস্থ মনে হতো। সকালে শুনি রাস্তার পাশে খুনিয়ার দোলায় কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”

ধারণা করা হচ্ছে, পিছন দিক থেকে আসা কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার লাশ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন