নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন। তিনি এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রার্থীর সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, ‘এ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন বিএনপিকে ভালোবাসেন। তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তার মার্কা ছিল মোটরসাইকেল। পরে তিনি তার ভুল বুঝতে পেরে আজকে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।’
এ বিষয়ে এস এম মামুনুর রশীদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। অনুধাবন করে দেখলাম, দলীয় স্বার্থে আমার এ ত্যাগ মেনে নেওয়া উচিত। তবে কেউ হুমকি বা লোভ দেখিয়ে আমাকে সরে দাঁড়াতে বাধ্য করেনি।’
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সহসভাপতি সুমিত কুমার আগারওয়াল, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ।
নীলফামারী-৪ আসনে জামায়াতের হাফেজ আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির সিদ্দিকুল আলমসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

