নীলফামারীতে দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলার কাছে বন্ধ একটি দোকানের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ৫ মে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আঠিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী আঞ্জুমান আরার বন্ধ দোকানের সামনে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবকের নিথর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। নিহত রবিউল একই এলাকার আব্দুল মালেকের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। একজন যুবকের এমন অস্বাভাবিক মৃত্যু এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, আশা করছি দ্রুত রহস্য উদঘাটন হবে।

নিহতের পরিবার জানায়, রবিউল আগের দিন রাতে স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিলেন। নিহতের বাবা আব্দুল মালেক বলেন, আমার ছেলে কারো সঙ্গে কোনো ঝামেলায় ছিল না। আমরা তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা সঠিক তদন্ত ও দোষীদের বিচার চাই।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। যদি কোনো অপরাধের আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন