দীর্ঘ প্রায় ১২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২১(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. আখতার হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসরের নির্ধারিত তারিখ পর্যন্ত—যেটি আগে হবে—প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলরের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. আখতার হোসেন রুয়েটের পুরকৌশল বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রুয়েটে সর্বশেষ প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলী।
তিনি ২০১০ সালের ১২ অক্টোবর এ পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ২০১৪ সালের ১১ অক্টোবর তার চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসির পদটি শূন্য ছিল।
দীর্ঘ সময় পর নতুন প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে রুয়েটের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ হলো। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক সমন্বয় এবং চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
বিশেষ করে দীর্ঘদিন শূন্য থাকা এ পদে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

