আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলেন বিন ইয়ামিন মোল্লা

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলেন বিন ইয়ামিন মোল্লা

কুড়িগ্রাম-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক সমীকরণ বদলের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ১২ দলীয় ঐক্য জোটের জামায়াত মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম ফুটবল মাঠে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

ঘোষণার পরপরই জামায়াত প্রার্থী ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ বিন ইয়ামিন মোল্লাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

এ বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন,“মঙ্গাকবলিত এই অঞ্চল থেকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে বিদায় জানাতে ইসলামের নীতির দিকে তাকিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সম্মান জানিয়ে আমি দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।”

কুড়িগ্রাম-১ আসনের ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন,“ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে আমাকে দীর্ঘ সাত মাস কারাভোগ করতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ডিবি হারুনের মাধ্যমে আমাকে মুক্তি ও এমপি বানানোর প্রস্তাবসহ কোটি কোটি টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি। স্বৈরাচার পতনের লক্ষ্যে শত নির্যাতন সহ্য করেছি।”

জনসভায় বক্তব্য রাখেন ১২ দলীয় ঐক্য জোটের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,“বিন ইয়ামিন মোল্লা আমাদের প্রতি যে আস্থা ও সমর্থন জানিয়েছেন, ইনশাআল্লাহ এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমরা সবাই মিলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে কাজ করবো।”

এই ঘোষণাকে কেন্দ্র করে কুড়িগ্রাম-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন