জাতীয় নাগরিক পার্টির-এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দলের নাম বা মার্কা দেখে কেউ ভোট দেবেন না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছেন, কার কথার সঙ্গে কাজের মিল কেমন- এসব দেখে বিভিন্ন মার্কায় কিংবা দলে ভোট দেবেন। এসব বিবেচনায় রাখলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।
সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারুতলায় বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে এনসিপি। এখানে আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাবো।
তিনি বলেন, আমরা কথা দিয়েই শুধু নিজেদের উপস্থাপন করতে চাই না। আমরা কাজ করে দেখাতে চাই। তবে সে সুযোগটি আপনাদের দিতে হবে। আমরা আপনাদের সন্তানের মতো। আমরা ভুল করলে আপনারা শুধরে দেবেন। আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত।
এনসিপির এই নেতা বলেন, এতদিন সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন নেতারা। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যান আর হাতে কিছু টাকা ধরিয়ে দেন। ভোটটা শেষ হওয়ার পর তার কাছে একটা একটা পিয়ন পদ, একাট ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড যে কাজেই যান না কেন, কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন। এই নতুন বাংলাদেশে এসব আর হতে দেওয়া যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

