গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে পালানোর অভিযোগ উঠেছে ইতি রানী রাজবংশী নামে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নারী পলাতক থাকলেও তার বাবা কুঠিশ্বর রাজবংশী ও মা ডলি রানী রাজবংশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৩টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ মার্চ গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত সূধা রঞ্জন সরকারের ছেলে অরিত্র সরকারের (২৭) সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী যোগীবাড়ি গ্রামের কুঠিশ্বর রাজবংশীর মেয়ে ইতি রানীর (২২) বিয়ে হয়। ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হলেও বিয়ের পর থেকেই তাদের সংসারে নানা ঝামেলা ও মনোমালিন্য চলে আসছিল। দম্পতির মাঝে এই কলহ নিরসনের জন্য গত ২৮ জুলাই ইতি রানীর বাবা-মা গোবিন্দগঞ্জে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী দুদিন পর বিকালের দিকে স্বামী বাসায় না থাকার সুযোগে বাবা-মাকে সঙ্গে নিয়ে ঘরে থাকা প্রায় ১৬ লাখ টাকা দামের বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান ইতি রানী।
পরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা টালবাহানা ও সময়ক্ষেপণ করেন। পরে গত ৩ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে একতরফাভাবে তালাকের কাগজ ডাকযোগে পাঠিয়ে দেন অভিযুক্ত পুত্রবধূ। এসব ঘটনায় বিষয়টির সুরাহা করতে না পেরে গত শনিবার অরিত্র সরকারের মা শ্রীমতি গৌরী রানী বাদী হয়ে ইতি রানী, তার বাবা কুঠিশ্বর রাজবংশী এবং মা ডলি রানী রাজবংশীকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার রাত ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ইতির বাবা ও মাকে গ্রেপ্তার করে। তবে তাদের মেয়ে ইতি এখনো পলাতক রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

