বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেছেন, মাফিয়াতন্ত্র থেকে দেশ উদ্ধার হলেও ষড়যন্ত্র এখনও চলছে। জিয়া পরিবারকে ধ্বংস করার সব চক্রান্তই করেছে ফ্যাসিস্ট সরকার। কিন্তু কোনো লাভ হয়নি। দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এখন সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিলকিস বলেন, তিন-চার বছর আগ থেকেই সংস্কারের কথা বলে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তৃণমূল বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু বিপরীতে দলটি আরও শক্তিশালী রূপ নিয়েছে। আমরা জনগণের সঙ্গে আছি এবং থাকবো। কিশোরগঞ্জকে উন্নয়নের চরম শিখরে নিতে চাই আমরা।
কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

