আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

কুড়িগ্রামে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছেন। গত শনিবার রাতে চিলমারী উপজেলার গাজিরপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একইসঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া খেয়াঘাটে বাঁধা তাদের নৌকাটির নিরাপত্তা নিশ্চিত করতে গেলে প্রচণ্ড ঘূর্ণিবাতাসের কবলে পড়ে তারা নিখোঁজ হন। ঝড় ও বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয়রা খোঁজ করে খেয়াঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে বালুতে অর্ধেক শরীর দেবে যাওয়া মিন্টু মিয়ার লাশ উদ্ধার করেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও ফরিদ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

​চিলমারী ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, মিন্টু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদ উদ্দিনের লাশ পাওয়া যায়নি; তবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

এদিকে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রৌমারী, রাজিবপুর ও চিলমারীর বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে এসব এলাকার গম, ভুট্টা, পেঁয়াজ ও মরিচের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, বড় বড় কাঁটাওয়ালা শিলার কারণে অনেক ঘরের টিন পর্যন্ত ভেঙে গেছে। এখানকার ভুট্টার আবাদের বড় ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কৃষক মিলন মিয়া বলেন, অনেক কষ্ট করে চাষাবাদ করি। একবার বন্যায় খায়, একবার খরায় খায় আর এবার শিলাবৃষ্টিতে খাইলো। বাতাসে ভুট্টা গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে। চরে যে পেঁয়াজ আবাদ করেছিলাম, সব পানির নিচে তলিয়ে গেছে।

রাজিবপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, রৌমারী ও রাজিবপুরে বাতাস এবং শিলাবৃষ্টিতে গম, ভুট্টা, পেঁয়াজসহ বেশ কয়েকটি ফসলের ক্ষতি হয়েছে। তিন-চারদিন পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন