পঞ্চগড়ের বোদা উপজেলায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল বিতরণের সময় টাকা আদায়ের অভিযোগে ১১ ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের জন্য সুবিধাভোগী বাড়ি বাড়ি গিয়ে ৫শ থেকে ৬শত টাকা করে আদায় করেন ওই ইউপি সদস্যরা। এই অভিযোগে পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।
খবর পেয়ে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিতসহ ইউপি সদস্যরা অবৈধভাবে টাকাগ্রহণের বিষয়টি স্বীকার করলে তাদের কাছ থেকে গ্রহণকৃত টাকা উদ্ধার করে। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হলে চাল বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মধ্যরাতে ওই ১১ ইউপি সদস্যকে পুলিশের কাথে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিজ উদ্দিন, তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয়নাথ রায়, পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুনিল চন্দ্র রায়, ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য দাহির উদ্দিন, সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলাম, আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন ইসলাম, নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭.৮.৯ নং ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, তারা যে অপরাধটি করেছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা তাদের কাছ থেকে অবৈধভাবে গ্রহণকৃত উল্লেখিত অর্থও পেয়েছি। তারা স্বীকার করেছে। সেই অর্থসহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আদালত এ ব্যপারে যথোপযুক্ত সিদ্ধান্ত দিবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

