দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় মেরামত শেষে দ্রুতই ইউনিটটি পুনরায় চালুর আশা করছে কর্তৃপক্ষ।
শনিবার ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।তিনি জানান, ত্রুটি শনাক্তের পর প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট সক্ষমতার এই ইউনিট থেকে বর্তমানে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


