দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত ওমর আলী ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ ছিলেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার ব্যবহৃত জুতা ভাসতে ও পড়ে থাকতে দেখা যায়। তিনি পুকুরের পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন— এমন সন্দেহে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারচেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান পরিচালনা করলেও রাতে তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে দেবীগঞ্জে তলব করা হয়। মঙ্গলবার সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। অভিযান শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় পুকুরের পানির নিচ থেকে ওমর আলীর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের প্রথম খবর দেওয়া হয়। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রংপুর ডুবুরি দলকে অবহিত করি। পরবর্তীতে রংপুর থেকে আগত বিশেষ ডুবুরি দলের যৌথ সহযোগিতায় মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন