পঞ্চগড় সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড়ের বোদা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করা হয়েছে। উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটার শূন্য রেখা পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তাদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করেন। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মুর্শেদ।

বিজ্ঞাপন

আটকরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন, কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা, নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম, যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম, একই গ্রামের শিশু ফাইজান শেখ, নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার, সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ, নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে শ্রমিকের কাজ করছিলেন। গত ২ মে মুম্বাই পুলিশ তাদের আটক করে। এরপর থেকে তারা দেশটির পুলিশ হেফাজতে ছিলেন। ১৭ মে বিমানযোগে ১২৫ বাংলাদেশিকে শিলিগুড়ি আনা হয়। সেখান থেকে শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএফ।

মেজর রিয়াদ মুর্শেদ বলেন, ‘আটকদের বোদা থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ ও সীমান্ত সংক্রান্ত অপরাধ ঠেকাতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন