রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রংপুর অফিস

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম. তানভীর চৌধুরী।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের শেষ দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মনি আক্তার (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এর আগে তার একটি অস্ত্রোপচারও করা হয়েছিল বলে জানান চিকিৎসকরা। শিশুটিকে ১০ মে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তিনি ঠাকুরগাঁও শহরের মাহবুব হোসেনের কন্যা।

এর আগে একই ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে মারা যায় নীলফামারীর ডিমলা উপজেলার ১১ মাস বয়সী জুনায়েদ, লালমনিরহাটের হারাটি গ্রামের ৯ মাস বয়সী হাসান, কুড়িগ্রাম উলিপুরের ২২ মাস বয়সী জাকির এবং লালমনিরহাট সদর উপজেলার ৭ মাস বয়সী তানজিদ ইসলাম তামিম।

হাসপাতালের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ১১৬ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় ৬০ জনের হামে এবং ৬ জনের রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, নীলফামারীতে ১০ জন, রংপুরে ৫ জন, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, পঞ্চগড়ে ২ জন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ১৩৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩ জন, বর্তমানে ভর্তি আছেন ৬৫ জন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...