কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজ ৬০ বছরের বৃদ্ধা সাজেদা বেগমকে তেঁতুল গাছের মগডালে পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দবাজার এলাকার বাসিন্দা আবু সাইদের স্ত্রী সাজেদা বেগমকে বুধবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি বড় তেঁতুলগাছের মগডালে দেখতে পান। এ সময় তাকে গাছের ওপর কখনো বসে, কখনো শুয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এত বয়স্ক একজন নারী গাছের উপর কীভাবে উঠল, এটা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয়দের ধারণা, তাকে ভুত ওখানে নিয়ে গেছে। তা না হলে এতো উঁচুতে এই নারীর পক্ষে ওঠা সম্ভব না।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুলগাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। এরপর হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

