সোলার প্যানেলের মাধ্যমে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটানোর স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী। বর্জ্য পোড়ানোর সময় উৎপন্ন বায়ু থেকে কার্বন সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে পেন্সিল, কলমের কালি ও ছবি আঁকার কাঁচামাল হিসেবে বিক্রি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার স্বপ্নও দেখছেন তারা।
এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে দেশ বর্জ্যমুক্ত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ রোধ হবে। অন্যদিকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে ক্ষুদে বিজ্ঞানীরা মনে করছেন।
রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাপ্পি রহমান নবীন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী শিলা মনি ‘বর্জ্যকে বিনামূল্যে বিদ্যুৎ এবং কার্বন শোষণে রূপান্তরকরণ’ নামে একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছেন। তারা উপজেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এই উদ্ভাবনটি তুলে ধরেন।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন প্রমুখ। মেলায় ৩০টি স্টল অংশগ্রহণ করে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
ক্ষুদে বিজ্ঞানী বাপ্পি রহমান নবীন ও শিলা মনি তাদের উদ্ভাবনী উপস্থাপনার সময় জানান, সোলার প্যানেলের মাধ্যমে ময়লা-আবর্জনা (বর্জ্য) পুড়িয়ে একদিকে যেমন কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, অন্যদিকে বর্জ্য পোড়ানোর সময় যে কার্বন নির্গত হয়, তা সংরক্ষণ করে প্রক্রিয়াজাত করে তরল কার্বনে রূপান্তর করা যাবে এবং তা বাণিজ্যিকভাবে বিক্রি করা সম্ভব হবে। এই কার্বন দিয়ে ছবি আঁকা, পেন্সিল ও কলমের কালি তৈরি করা যাবে। ফলে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণ করা যেমন সম্ভব হবে, তেমনি তরল কার্বন বাণিজ্যিকভাবে বিক্রি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করাও সম্ভব হবে। পরিবেশবান্ধব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ হ্রাসে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
ক্ষুদে বিজ্ঞানীরা মনে করেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানির সংকট সমাধানে এটি একটি কার্যকর সমাধান হতে পারে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান