দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চাচির প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং ধন-সম্পদের তুলনায় স্বল্পতার কারণে ঈর্ষান্বিত হয়ে ৭ বছর বয়সী শিশু সিরাজুল ইসলাম সামসকে হত্যা করে তার চাচাতো ভাই আমানুর ইসলাম (২১)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বেলা ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমানুর ইসলাম কৌশলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পাশের একটি মাদরাসার কক্ষে নিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হত্যার পর লাশটি পাশের একটি ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়।
তিনি আরো জানান, শিশুর মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশুকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আমানুর ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জবানবন্দিতে সে উল্লেখ করেছে যে, চাচির প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং সম্পত্তি কম হওয়ায় তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়েছিল, যা হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে কাজ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

