দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটানা ঘটেছে। সংঘর্ষে ৪ জন নিহত, আহত হয়েছেন আরও ৩ জন। তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে।
গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। তাঁর নাম ইমরুল (৪৫), তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

