দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছে। রোববার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে ঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ী পালানোর ঘটনাটি জানাজানি হলে পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শ করেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।
আফতাবগঞ্জ তদন্তকেন্দ্র সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রয়েলকে (৩৫) রোববার রাত ৪টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সে।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোররাতে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্র নিয়ে আসা হয়। সাহরির সময় ব্যস্ততার সুযোগে ঘরের পিছনের একটা জানালার রড ভেঙে পালিয়ে যায় সে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

