রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী ও কর্মী-সমর্থক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। যোগদানকারীদের মধ্যে বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাও রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীরা এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে দলের নেতৃবৃন্দ তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক বহিষ্কৃত সভাপতি প্রফেসর মো. আতাউর রহমান। তিনি তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এনসিপিতে যোগদান করেন। তার নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মী ও সমর্থক দলটিতে যোগ দেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ ছাড়া টেপামধুপুর ইউনিয়নের মোহাম্মদ আলী, মো. রফিকুল ইসলাম, মো. মাহাবুর রহমান এবং কুর্শা ইউনিয়নের মীরবাগ এলাকার মো. রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এদিন এনসিপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, সংগঠক রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক, শফিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সংগঠক রাজু আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

