দিনাজপুর শহরের কাছে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পৌর শহরের দক্ষিণ পাশে সদর উপজেলার উলিপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়া এলাকার লিটন ইসলামের ছেলে ও তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য নিহতের ৪ সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করার জন্য কয়েকজন শিক্ষার্থী নামেন। গোসলের একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রামের পাশে নদীতে তার লাশ ভেসে উঠে। পরে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন জানান, নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

