জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, সরকারি দল ক্ষমতায় এসেই যেভাবে জুলাই সনদকে অবজ্ঞা করেছে, সে বিষয়ে সংসদ শুরু হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা গ্রহণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এটিএম আজহার বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত গণভোটে সাধারণ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে সমর্থন জানিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলও তা বাস্তবায়নের অঙ্গীকার করে স্বাক্ষর করেছিল। এখন ক্ষমতায় গিয়ে যদি কেউ সে অঙ্গীকার অস্বীকার করে, তাহলে সংসদে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলন না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেকেই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারতেন না। জুলাইকে অস্বীকার মানে এই নির্বাচনকে অস্বীকার করা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ নির্বাচনের মূল্য থাকে না।
নেতাকর্মী ও বদরগঞ্জ-তারাগঞ্জবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা কারো প্রতি হিংসা-বিদ্বেষ ছড়াতে চাই না। তবে যারা ফ্যাসিস্ট, ছাত্রদের হত্যাকারী ও দেশের ক্ষতির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় বিচার হতে হবে। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখার অঙ্গীকার করেন।
পরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবক। উন্নয়ন কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রেখে দল-মত নির্বিশেষে সবার প্রাপ্য নিশ্চিত করতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। কোনো মামলাবাজি করতে দেব না। এছাড়া মাদকের বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আজহারুল ইসলাম বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাদেরও এমপি; যারা দেননি, তাদেরও এমপি। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। তার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে প্রশাসনের ওপর কোনো ধরনের অন্যায় চাপ প্রয়োগ করা হবে না বলে জানান তিনি।
তিনি উল্লেখ করেন, অতীতে ১৪ বছর কারাবন্দি থাকার আগে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজের পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ ও তারাগঞ্জের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরার সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াত নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

