লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পরে বিকেলে আংশিক ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে সোমবার দুপুর ২টার দিকে সিগন্যাল বিভ্রাটের কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্ক শেডের পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি পরিষ্কারের জন্য ওয়ার্ক শেডের দিকে এগোচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে দ্রুত মেরামতকাজ শেষ করে বিকেলে বুড়িমারীর উদ্দেশ্যে লোকাল ট্রেনগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রেল ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রুটে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখন কিছু লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে ঘটনার সময় পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ায় কমিউটারের যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর। ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, দুর্ভাগ্যজনক হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীরা কাজ করছেন। উদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে।
এদিকে, লালমনিরহাট রেলওয়ের কর্মকর্তা সাজিদ হাসান জানান, উদ্ধার কার্যক্রম চলছে। তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণ ও গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেলপথ সচল করতে দ্রুত লাইন মেরামতের পাশাপাশি উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

