সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন—জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৫) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
এর আগে শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পূর্ব ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে ৯ জন একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৯ জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে। পরে রোববার সকালে স্থানীয়দের সহায়তায় হাওর থেকে উদ্ধার করা হয় দুজনের লাশ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান শেষে চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

