প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দুই সপ্তাহ পার না হতেই সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানালেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, খুব শিগগির মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।

তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং অ্যাজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার এবং অ্যাজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এর আগে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এরপর তিনি শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

নানা অনিয়মের অভিযোগে ২০১৮ সাল থেকে চার বছর বন্ধ ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর ২০২২ সালে ফের খোলে। সে সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে অসাধু চক্র। তার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মার্চে মালয়েশিয়া জানায়, তারা আপাতত আর শ্রমিক নেবে না। সেই থেকে বন্ধ ছিল বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার।

এরপর চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার ফের চালুর ব্যাপারে উদ্যোগী হয়। দেশটির সরকারের সঙ্গে একাধিক বৈঠকও করেন ওই সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আশাব্যঞ্জক খবরও শোনান। কিন্তু সফলতা আসেনি।

পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে গত ২১ জুন মালয়েশিয়ায় যান তারে রহমান।।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আরও শ্রমিক নিয়োগ ও দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া ছাড়াও দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

সে সময় এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং একই সঙ্গে যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে অনুরোধ করেছি। অনিয়মিত (ইরেগুলার) শ্রমিকদের নিয়মিতকরণ, আটক বাংলাদেশিদের দেশে পাঠানোর ইস্যুও তুলে ধরেছি।’

অন্যদিকে মালয়েশিয়া সরকার বাংলাদেশের শ্রমিক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার কথা জানায়। শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে দেয় সবুজ সংকেত। অবশেষে প্রধানমন্ত্রীর সফরের দুই সপ্তাহ না যেতেই বাংলাদেশের জন্য খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন