একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ২৪-এর বিপ্লবী যোদ্ধা পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিলে ৭১ ও ২৪-এর শহীদ-আহত পরিবারের হাতে এ সম্মাননা প্রদান করেন মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ও লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতা, যার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রায় ৫৩ বছর পর ২০২৪ এর জুলাই-আগস্ট জাতির ইতিহাসে আরেকটি মাইলফলক। এসময় স্বাধীন রাষ্ট্রের বহুদিনের বিস্তৃত পরাধীনতার শেকড় উপড়ে ফেলার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জুলাই-আগস্ট যোদ্ধারা। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে পথপ্রদর্শন করেছে এ সময়ের নায়কেরা। দেশের অন্যান্য জেলার ন্যায় সিলেটে এ আন্দোলনের সময় শহীদ হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন বিভিন্ন শ্রেণীর শত শত ছাত্র-জনতা। জাতি আপনাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে এবং ভবিষ্যতেও করবে। আমার বিশ্বাস, আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সমর্থ হবে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই আপনাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর জুলাই-আগস্ট যোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ, ডিভিশন কমিশনার, কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড, পুলিশ কমিশনার, কর্নেল স্টাফ, ১৭ পদাতিক ডিভিশন, সামরিক ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

