সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে চা-বাগানে বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন সহপাঠী বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে মাতম, আর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, নিহতরা সবাই উপজেলার জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর দুজন প্রায় এক ঘণ্টার ব্যবধানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতরা হলো— উপজেলার নয়াবস্তী গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী পালসার মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব আহমদকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যান। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

