মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে দিয়ে ১০ হাজার টাকায় ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির টহল দল মোহনপুর এলাকায় তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটকেরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় টহল চলাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন