বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। এর আগে দিলে নির্বাচনের জেনোসাইড বা গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন চাই। নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
রোববার বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে এর আয়োজন করা হয়।
জামায়াত আমির বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো একটু ভালো, আবার কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো ছিল না। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হওয়া পর্যন্ত এটি কখনোই ভালো হবে না।
‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে তিনি বলেন, ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয়, তবে যৌথবাহিনীর জন্য দোয়া করবেন দেশের ১৮ কোটি মানুষ।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাইতো দেশের এই অবস্থা করে গেছেন। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। যাদের অতীত-বর্তমান ভালো, তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

