মাধবপুরে ডাক্তারের কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুরে ডাক্তারের কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২৫) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। সোমবার দুপুরে থানার এসআই ইউসুফ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবুল হাসনাত জানান, হাসপাতালের ডাক্তারদের জন্য নির্মিত কয়েকটি কোয়ার্টার দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার অধিকাংশেই দরজা-জানালা নেই। সোমবার হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা ওই ভবনগুলোর আশপাশের আগাছা পরিষ্কার করতে গেলে জনৈক আনসার সদস্য জানালার ফাঁক দিয়ে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবক পরিত্যক্ত ভবনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান জানান, এই কোয়ার্টারগুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাই কোনো ডাক্তার সেখানে থাকেন না। আর অধিকাংশ দরজা-জানালা ভাঙা। ধারণা করা হচ্ছে, ওই কোয়ার্টারগুলো খালি থাকায় ওই যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছেন।

থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য আইনগত প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন