৯ টাকা ৩৭ পয়সা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল এবং চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুরইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়কৃষানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাংয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনীষা ওয়াহিদ, শ্রমিকনেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক, মালতি রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, বঞ্চিত এবং চরম রাষ্ট্রীয় বৈষম্যের শিকার চা-শ্রমিকরা। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও চা জনগোষ্ঠী এখনো নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
বক্তারা আরও বলেন, প্রায় ১৮৫ বছর ধরে এ ভূখণ্ডে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনো ভূমিহীন। দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের তুলনায় চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরিতে কাজ করছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।
সমাবেশ থেকে ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুরইছড়া চা-বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

