শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু

শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফিটনেস বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর মেগা ইভেন্ট ‘সাস্ট হাফ ম্যারাথন’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এর উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য ও সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২০২৭ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই হাফ ম্যারাথন শুরু হবে। এবারের ম্যারাথনে ২১.১, ৭.৫ ও ১.৫ (কিডস)—এই তিনটি ক্যাটাগরিতে রানাররা অংশ নিতে পারবেন। এর মধ্যে ২১.১ ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে শিক্ষার্থী (সাস্টিয়ান) ও সাধারণ (জেনারেল) প্রতিযোগীদের জন্য আলাদা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে।

এবারের ম্যারাথনে ২১.১ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,২০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,৪০০ টাকা; ৭.৫ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,০০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,২০০ টাকা এবং ১.৫ কিমি (কিডস ক্যাটাগরি) জন্য ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় ১.৫ কিমি (কিডস) ক্যাটাগরি ব্যতীত বাকি দুটি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের আলাদাভাবে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া ভেটেরান রানার ও কিডস ক্যাটাগরিতেও প্রথম থেকে তৃতীয় স্থান পর্যন্ত প্রাইজমানি প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা শরীফ সোহাগ, ক্লাবের ফাউন্ডিং মেম্বার নুরুহ হক, সিলেটের বিভিন্ন রানার্স কমিউনিটির প্রতিনিধি এবং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

ম্যারাথন সম্পর্কে সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন, ‘ আমাদের বিগত যে ইভেন্টগুলো হয়েছে, সেগুলো দেশের সব রানারের কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছে। আমরা এবার আমাদের সেই ধারাবাহিকতা রক্ষা করে রানারদের আরো সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে পারব বলে আশাবাদী। আমাদের এই ইভেন্টে সব রানারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। এ ছাড়া ইভেন্ট নিয়ে রানারদের যেকোনো ধরনের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন