ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় তেলবাহী লরি সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় বিকাল তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া (২৭) এবং অটোরিকশার যাত্রী আবুল খায়ের (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

