মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রকে শনাক্ত এবং আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।
এই ঘটনায় লুট করা সাতটি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান বাঘরাবাড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল শ্রীমঙ্গল-কমলগঞ্জ আঞ্চলিক সড়কে গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। পহেলা জুন এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), শ্রীমঙ্গল সার্কেলের এএসপি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসসহ একটি টিম ডাকাতির ঘটনার পর থেকে কাজ শুরু করে।
ভিকটিমদের দেওয়া তথ্য, পুলিশের সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩১ মে রাতে লুটকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেও আরেকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন রাতে ডাকাত বহনকারী এবং দলের অন্যতম সদস্য সিএনজি চালক সালাম মিয়াকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনার সময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুট করা আরো পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাহান আহমেদ রাজু এবং মহরম আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
এই চক্রের আরো কিছু সদস্যকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায়, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এরা বিভিন্ন এলাকায় ডাকাতি করে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

