সিলেটে ডিবি পুলিশের পরিচয়ে এক কিশোরকে অপহরণের সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িচালককে আটক করেছে।
মঙ্গলবার সকালে জালালাবাদ এলাকায় জামেয়া ইসলামীয়া মাদরাসার সামনে অপহরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোং’ দোকানের সামনে থেকে ইমরান হোসেন (১৯) কে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেয় অপহরণকারীরা।
প্রাইভেটকারটি সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ইমরানের চিৎকার শুনে আশপাশের মানুষ বিষয়টি বুঝতে পারেন। পরে মদিনা মার্কেট এলাকায় স্থানীয়রা গাড়ির গতিরোধ করলে দুই ব্যক্তি পালিয়ে যায়। তবে চালক সামাদকে আটক করে স্থানীয়রা গণধোলাই দেয় এবং প্রাইভেটকারটি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালক সামাদ ও ইমরানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণব রায় জানান, প্রাথমিকভাবে অপহৃতকে মারধরের আলামত পাওয়া গেছে। অপরদিকে চালক গণপিটুনির শিকার হয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পালিয়ে যাওয়া দুই সহযোগীকে শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

