সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে সীমানা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে লুদরপুর গ্রামের বাসিন্দা মো. হোসাইন আহমেদ সুনামগঞ্জ আদালতে ও জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, উপজেলার লুদরপুর গ্রামের মৃত মোবারক উল্লাহর ছেলে বশির উদ্দিন আহমেদ গং মুসল্লিদের মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করছেন। এতে মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, হোসাইন আহমেদ ও অভিযুক্ত বশির উদ্দিন আহমেদ সম্পর্কে চাচা-ভাতিজা। উভয় পক্ষ ও প্রতিবেশীরা যুগ যুগ ধরে বাড়ির পার্শ্ববর্তী লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদে নামাজ আদায় করছেন। কিন্তু সম্প্রতি বশির উদ্দিন আহমেদ মসজিদে যাতাযাতের রাস্তায় দেয়াল নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা প্রবীণ শিক্ষক মো. আবু তাইদ বলেন, পুরোনো এই সড়ক দিয়ে স্থানীয় মুসল্লিরা মসজিদে যাতায়াত করলে বশির উদ্দিন সম্পূর্ণ অনৈতিকভাবে সড়কটি বন্ধের পাঁয়তারা করছেন।
স্থানীয় বাসিন্দা প্রভাষক জাহিদ হাসান বলেন, বশির উদ্দিন আহমেদ রাস্তা বন্ধ করে মুসল্লিদের নামাজে যাতায়াতে বাধা সৃষ্টির অপচেষ্টা করছেন।
ভুক্তভোগী হোসাইন আহমেদ বলেন, বাড়ির কাছেই মসজিদ। যুগ যুগ ধরে আমাদের পূর্ব পুরুষ এই রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত করেন। কিন্তু বশির উদ্দিন আহমেদ পূর্ব শত্রুতার জেরে আমাদের যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ করতে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এতে আমাদের মসজিদে যাতাযাতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত বশির উদ্দিন আহমেদ বলেন, আমার বাড়ির পাশে রাস্তা আমার ভাগের অংশ। তাই দেয়াল নির্মাণ করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, মসজিদের রাস্তা নিয়ে একটি অভিযোগ পেয়েছি। আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

