বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আশঙ্কাজনক

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আশঙ্কাজনক
নিহত নাজিম মিয়া

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কামাইছড়া এলাকায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাজিম মিয়া (২৫) ডুবাঐ এলাকার মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস শহীদের ছেলে। তার বন্ধু রায়হান মিয়া (২৫) ওই এলাকার সাহিদ মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। এতে দুজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথে নাজিম মিয়া মারা যান।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন